রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বে যুবক খুন: চট্টগ্রাম থেকে ৩ আসামি গ্রেফতার
হাবিবুর রহমান নাজমুল,রাজনগর :
মৌলভীবাজারের রাজনগরে ক্রিকেট খেলা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে নিহত তারেক আহমদ মামলার পলাতক তিন আসামিকে চট্টগ্রাম জেলার খুলশি থানাধীন মতিঝর্ণা কলোনী থেকে গ্রেফতার করেছে রাজনগর থানা পুলিশ।
গত ২৫ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৫টার দিকে রাজনগর সদর ইউনিয়নের ঘরগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। নিহত তারেক আহমদ একই গ্রামের গাজী মিয়ার ছেলে।
থানা সূত্রে জানা যায়, বিকেলে গ্রামের বালিদীঘির পাড়ের দক্ষিণ পাশে কয়েকজন যুবক ক্রিকেট খেলছিলেন। এ সময় তারেক আহমদের সঙ্গে তার প্রতিবেশী আতিক আহমদের (২২) কথা কাটাকাটি হয়।
একপর্যায়ে আতিক ও তার সহযোগীরা ধারালো অস্ত্র দিয়ে তারেকের হাত, উরু ও পায়ে উপর্যুপরি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে রাজনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে মৌলভীবাজার ২৫০ শয্যা হাসপাতালে স্থানান্তর করা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ভিকটিমের বড়বোন সেলিনা জান্নাত সুমার অভিযোগের প্রেক্ষিতে গত ২৬ ফেব্রুয়ারি রাজনগর থানায় ( মামলা নং-০৯, ধারা ৩০২/৩৪ পেনাল কোড) একটি হত্যা মামলা রুজু করা হয়।
সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জনাব আবুল খয়েরের সার্বিক দিকনির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) সুমন চন্দ্র সরকারের তত্ত্বাবধানে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই অরূপ সরকার, সঙ্গীয় অফিসার এএসআই (নিরস্ত্র) মোঃ জাহাঙ্গীর আলম, কনস্টেবল মোঃ মিলাদ আহমদ এবং জেলা গোয়েন্দা শাখার এসআই আহলাদ ইবনে জামিল আহমদ পিপিএম-সহ যৌথ ফোর্স অভিযান পরিচালনা করেন।
অভিযানে গতকাল (২ মার্চ) রাত আনুমানিক ২২:৩০ মিনিটে চট্টগ্রাম জেলার খুলশি থানাধীন মতিঝর্ণা কলোনী থেকে এজাহারভুক্ত আসামি ১) মেহেদী হাসান আতিক (২২), ২) সবুজ মিয়া (২৬) ও ৩) রিয়াদ মিয়া (২১)-কে গ্রেফতার করা হয়।
রাজনগর থানার অফিসার ইনচার্জ মোঃ ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া জানান, আজ (৩ মার্চ) দুপুরে গ্রেফতারকৃত তিনজনকে রাজনগর থানায় নিয়ে আসা হয়েছে। হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র (চাকু) উদ্ধারের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026