বিএসএফের পুশ-ইন ঠেকাতে জয়পুরহাট সীমান্তে কড়া পাহারা
মোঃ আব্দুল মতিন প্রধান
জেলা প্রতিনিধি
ভারতের সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে জোরপূর্বক অনুপ্রবেশ বা ‘পুশ-ইন’ চেষ্টায় জয়পুরহাটের ২৬ কিলোমিটার সীমান্তজুড়ে চরম উত্তেজনা ও আতঙ্ক বিরাজ করছে। তবে গত দুই দিন ধরে নতুন করে কোনো পুশ-ইনের ঘটনা ঘটেনি। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং যেকোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সীমান্ত এলাকায় সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্তের সার্বিক নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় জয়পুরহাটের বিজিবি’র সকল সদস্য দিন-রাত সীমান্ত রেখায়, বিশেষ করে করিয়া, আটাপাড়া, ঘোনাপাড়া ও হিলি ও সংলগ্ন সংবেদনশীল এলাকায় অবস্থান করছে । যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিজিবির পক্ষ থেকে টহল ও নজরদারি কয়েক গুণ জোরদার করা হয়েছে। বিজিবির ঊর্ধ্বতন কর্মকর্তারা সার্বক্ষণিক সীমান্ত পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং জওয়ানদের কঠোর সতর্কতায় থাকার নির্দেশ দিয়েছেন।
এদিকে গত কয়েকদিনের থমথমে পরিস্থিতির কারনে সীমান্ত এলাকার সাধারণ মানুষের মধ্যে এখনো তীব্র আতঙ্ক কাজ করছে। এই পরিস্থিতিতে স্থানীয় জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং সাধারণ মানুষকে আশ্বস্ত করতে নানামুখী পদক্ষেপ নিয়েছে পাঁচবিবি উপজেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে সীমান্ত এলাকার বাসিন্দাদের জন্য বিভিন্ন দিক-নির্দেশনা জারি করা হয়েছে এবং কোনো ধরনের গুজবে কান না দিয়ে সবাইকে সজাগ থাকার আহ্বান জানানো হয়েছে । সীমান্ত পাহারা ও দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় বিজিবি সদস্যদের সার্বিক সহায়তা দিতে এগিয়ে এসেছে স্থানীয় প্রশাসন, আনসার-ভিডিপি এবং সীমান্তবর্তী সাধারণ জনগণ। রাতের বেলা সীমান্ত পাহারা ও সন্দেহভাজন গতিবিধি নজরদারিতে বিজিবির পাশাপাশি আনসার ও ভিডিপি সদস্যরা সক্রিয় ভূমিকা রাখছে । একই সাথে স্থানীয় যুবসমাজ ও সাধারণ মানুষ পুশ-ইন ঠেকাতে সীমান্ত এলাকায় পাহারা দিচ্ছে এবং বহিরাগত কাউকে দেখলেই তাৎক্ষণিক প্রশাসনকে অবহিত করছে । পাঁচবিবি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দেশের সীমান্ত সুরক্ষায় বিজিবিকে সব ধরনের সহযোগিতা করতে স্থানীয় জনগণকে সম্পৃক্ত করা হয়েছে এবং বর্তমানে সীমান্ত পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026