সুপারি বাগানের আড়ালে গ্রীনহাউজে গাঁজা চাষ, ভূরুঙ্গামারীতে অর্ধশতাধিক গাছ জব্দ
মোঃ আখতারুজ্জামান (জামাল), স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম:
সীমান্তঘেঁষা কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলায় সুপারি বাগানের আড়ালে গ্রীনহাউজ-সদৃশ বিশেষ পদ্ধতিতে গাঁজা চাষের সন্ধান পেয়েছে পুলিশ। অভিযান চালিয়ে প্রায় অর্ধশতাধিক ছোট-বড় গাঁজা গাছ এবং চাষে ব্যবহৃত বিশেষ বেষ্টনী জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) দুপুর ২টার দিকে উপজেলার পাথরডুবি ইউনিয়নের সীমান্তবর্তী দক্ষিণ বাঁশজানি গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুনের নেতৃত্বে ভূরুঙ্গামারী থানার একটি দল ঘটনাস্থলে অভিযান চালায়। এ সময় একটি সুপারি বাগানের ভেতরে তাপ ও বৃষ্টিপ্রতিরোধী বিশেষ তারজালি দিয়ে তৈরি গ্রীনহাউজ-সদৃশ কাঠামোর মধ্যে গোপনে চাষ করা প্রায় অর্ধশতাধিক গাঁজা গাছ উদ্ধার করা হয়। একই সঙ্গে গাঁজা চাষে ব্যবহৃত বিশেষ বেষ্টনীও জব্দ করা হয়।
পুলিশের দাবি, স্থানীয় চিহ্নিত মাদক কারবারি জামাল উদ্দিন (৫০) ও তাঁর ছেলে রুবেল হোসেন (২৫) দীর্ঘদিন ধরে সেখানে গোপনে গাঁজা চাষ করে আসছিলেন। তবে পুলিশের অভিযানের খবর পেয়ে তারা সীমান্তের কাঁটাতারের নিচে থাকা একটি ড্রেনেজ পথ দিয়ে ভারতে পালিয়ে যান ।
ভূরুঙ্গামারী পুলিশ সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, সীমান্ত এলাকায় কিছু মাদক কারবারি ভারত থেকে গাঁজা এনে বিক্রির পাশাপাশি নিজেরাই গাঁজা উৎপাদনের চেষ্টা করছে। মাদকের উৎস নির্মূলে পুলিশের অভিযান ও গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।
তিনি আরও জানান, জব্দ করা গাঁজা গাছ ও অন্যান্য আলামত থানায় নেওয়া হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026