টানা বৃষ্টিতে নরসিংদীতে ভয়াবহ জলাবদ্ধতা: লাখো মানুষ পানিবন্দি, বেলাবোতে দেয়ালচাপায় বৃদ্ধার মৃত্যু
মোস্তফা মিয়া নরসিংদী
টানা কয়েকদিনের ভারী বর্ষণে নরসিংদী জেলার বিস্তীর্ণ এলাকা জলাবদ্ধতায় তলিয়ে গেছে। পৌর শহরসহ জেলার বিভিন্ন এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় লাখো মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন। এতে জনজীবন মারাত্মকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে। শিক্ষা কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য ও স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
জানা গেছে, নরসিংদী পৌরসভা, শালিধা, ভেলানগর, সার্কিট হাউস এলাকা, জেলা প্রশাসকের (ডিসি) কার্যালয় প্রাঙ্গণসহ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও আবাসিক এলাকায় হাঁটু থেকে কোমরসমান পানি জমে রয়েছে। বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার প্রাঙ্গণ পানিতে তলিয়ে যাওয়ায় শিক্ষার্থীদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।
অবিরাম বৃষ্টির কারণে ড্রেনেজ ব্যবস্থা ভেঙে পড়ায় ময়লা-আবর্জনা পানির সঙ্গে ছড়িয়ে পড়েছে। এতে জনস্বাস্থ্য ঝুঁকির পাশাপাশি ডায়রিয়া ও পানিবাহিত রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে। জলাবদ্ধতার কারণে অনেক এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে এবং স্থানীয় বাসিন্দারা নিত্যপ্রয়োজনীয় কাজেও চরম ভোগান্তির শিকার হচ্ছেন।
এদিকে টানা বৃষ্টির কারণে জেলার বিভিন্ন স্থানে দুর্ঘটনার খবরও পাওয়া গেছে। এরই মধ্যে নরসিংদীর বেলাবো উপজেলায় মাটির ঘরের দেয়াল ধসে রশোনা বেগম (৭০) নামে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। রবিবার (১২ জুলাই) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আমলাব ইউনিয়নের ধুকুন্দী গ্রামে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা, কয়েকদিনের টানা বর্ষণে মাটির দেয়াল দুর্বল হয়ে পড়ায় এ দুর্ঘটনা ঘটে।
অন্যদিকে, নরসিংদী জেলার মেঘনা নদীতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের SW-274 গেজ স্টেশন থেকে পাওয়া তথ্য অনুযায়ী, নদীর পানির উচ্চতা এখনও বিপৎসীমার নিচে রয়েছে। তথ্য অনুযায়ী—
বিপৎসীমা: ৫.২৫ মিটার (mMSL)
১৩ জুলাই ২০২৬, সকাল ৬টা: ৩.১০ মিটার (mMSL)
১৩ জুলাই ২০২৬, সকাল ৯টা: ৩.২৩ মিটার (mMSL)
সর্বশেষ তথ্যমতে, ১৩ জুলাই ২০২৬ সকাল ৯টা পর্যন্ত মেঘনা নদীর পানি বিপৎসীমার ২.০২ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। অর্থাৎ নদীর পানি এখনও বিপৎসীমা অতিক্রম না করলেও, টানা বর্ষণ ও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে জেলার বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা ভয়াবহ আকার ধারণ করেছে।
স্থানীয় বাসিন্দারা দ্রুত জলাবদ্ধতা নিরসনে কার্যকর ড্রেনেজ ব্যবস্থা, ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানো এবং প্রয়োজনীয় ত্রাণ ও সহায়তা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026