বিশ্বম্ভরপুরে পুলিশের অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভুট্টা উদ্ধার, গ্রেফতার ৫
আসিফ বিল্লাহ, সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভুট্টা উদ্ধার করা হয়েছে। এ সময় চোরাচালানের অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়। এছাড়া পৃথক অভিযানে তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকেও আটক করেছে পুলিশ। সব মিলিয়ে মোট পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে।
শুক্রবার (১৯ জুন) ভোর ৪টা ৩৫ মিনিটে বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়ার তত্ত্বাবধানে উপজেলার ১নং সলুকাবাদ ইউনিয়নের চালবন্দ পয়েন্টে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অংশ নেন এসআই (নিঃ) মনিরুল হক মুন্সী, এসআই ইয়াছিন মিয়া, এএসআই (নিঃ) আব্দুর রবসহ পুলিশের একটি দল।
অভিযানকালে একটি ট্রাকে থাকা ১ হাজার ১৯০ কেজি ভারতীয় জিরা ও ৭ হাজার ৯৫০ কেজি ভুট্টা জব্দ করা হয়। একই সঙ্গে ট্রাকসহ দুইজনকে গ্রেফতার করা হয়। তারা হলেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার নারাইনপুর গ্রামের নান্টু রঞ্জন দাশের ছেলে পিনাক রঞ্জন দাশ (২৬) এবং সুনামগঞ্জ সদর উপজেলার নোয়াগাঁও গ্রামের আফিজ উদ্দিনের ছেলে মো. তালেবুল ইসলাম (৩০)।
পুলিশ সূত্রে জানা যায়, এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি) ও ২৫ডি ধারায় বিশ্বম্ভরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
এদিকে একই দিনে নন-জিআর নং-৬/২৬ (বি/পুর) মামলার তিনজন ওয়ারেন্টভুক্ত আসামিকেও গ্রেফতার করা হয়েছে। তারা হলেন আব্দুর রহিম (৬৫), আনোয়ার হোসেন (৩৫) ও আক্তার হোসেন (২৪)। তাদের বাড়ি বিশ্বম্ভরপুর উপজেলার চান্দেরগাঁও (বর্তমান গন্ডামারা)এলাকায়।
বিশ্বম্ভরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শাহিন মিয়া বলেন, “সুনামগঞ্জ পুলিশ সুপারের নির্দেশনায় সীমান্ত এলাকায় চোরাচালানবিরোধী অভিযান জোরদার করা হয়েছে। এরই ধারাবাহিকতায় চালবন্দ এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভারতীয় জিরা ও ভুট্টা উদ্ধার করা হয়েছে। চোরাচালানের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে। পাশাপাশি ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেফতারেও আমাদের অভিযান অব্যাহত রয়েছে।”
তিনি আরও বলেন, “আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে পুলিশের নিয়মিত অভিযান চলমান থাকবে।”
গ্রেফতারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ৪৬ লক্ষ টাকার চোরাচালানী মালামাল আটক*
22 Aug 2026
সিলেটে চাঞ্চল্যকর ট্রিপল মার্ডার: , আদালতে ঘাতক বাবুলের স্বীকারোক্তি!
22 Aug 2026
কুলাউড়া বাজারে অবৈধ পার্কিংবিরোধী অভিযান, জব্দ ৭ সিএনজি; কারাদণ্ড ১
22 Aug 2026
সুনামগঞ্জ জেলা সদর কুরবান নগর ইউনিয়ন মাইজবাড়ি বদিপুর আজ বিরাট নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে সম্ভাব্য
22 Aug 2026
গোয়াইনঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে নিয়মিত এজাহানামীয় ধর্ষণ ও গতকালকের খুনের মামলার আসামী জুবেরকে বিজ্ঞ আদালতে প্রেরণ
20 Aug 2026