মৌলভীবাজারে নজিরবিহীন দৃষ্টান্ত, কাজ শেষে ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত
কুলাউড়া প্রতিনিধি: আব্দুল ওয়াদুদ
অর্থকে জনগণের আমানত হিসেবে বিবেচনা করে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে মৌলভীবাজারের কুলাউড়া উপজেলা প্রশাসন। একটি খাল খনন প্রকল্পের কাজ শেষে অব্যয়িত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার।
উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের যৌথ বাস্তবায়নে উপজেলার ভূকশিমইল, বরমচাল ও ভাটেরা ইউনিয়নের চকিরমোড়া এলাকা থেকে উত্তরমুখী ‘আন ফানাই’ পর্যন্ত প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ খাল খননের উদ্যোগ নেওয়া হয়।
প্রকল্পের আওতায় ৩ দশমিক ০৯ কিলোমিটার খাল খননের জন্য বরাদ্দ ছিল ২ কোটি ৬ লাখ ৩ হাজার ৮০ টাকা। এর মধ্যে নির্ধারিত মান ও গুণগত বৈশিষ্ট্য বজায় রেখে ৭৫০ মিটার খননকাজ সম্পন্ন করা হয়। এ অংশের কাজ শেষ করতে প্রকৃত ব্যয় হয়েছে প্রায় ৩২ লাখ টাকা।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সানজিদা আক্তার বলেন, “সরকারি অর্থ জনগণের আমানত। প্রকল্পের প্রয়োজনীয় ব্যয় নিশ্চিত করে কাজ বাস্তবায়ন করা হয়েছে। কাজ শেষে যে অর্থ অব্যয়িত ছিল, সরকারি বিধি অনুযায়ী তা কোষাগারে ফেরত দেওয়া হয়েছে।”
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) রাজু চন্দ্র পাল জানান, প্রকল্পের কাজ চলাকালে টানা ভারী বৃষ্টিপাতের কারণে অবশিষ্ট অংশের খননকাজ শতভাগ সম্পন্ন করা সম্ভব হয়নি। ফলে সরকারি অর্থের অপচয় না করে আর্থিক বিধিমালা অনুসরণ করে অব্যয়িত ১ কোটি ৭৩ লাখ টাকা সরকারি ট্রেজারিতে ফেরত পাঠানো হয়েছে।
তবে এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখতে অসমাপ্ত খাল খননের কাজ দ্রুত শেষ করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ইউএনও সানজিদা আক্তার জানিয়েছেন, বৃষ্টির কারণে থমকে যাওয়া অবশিষ্ট খননকাজ পুনরায় শুরু ও শেষ করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন দপ্তরে নতুন করে বরাদ্দের আবেদন পাঠানো হয়েছে।
সরকারি অর্থের সঠিক ব্যবহার, স্বচ্ছতা ও প্রশাসনিক সততার এমন উদ্যোগ স্থানীয়দের মধ্যে প্রশংসা কুড়িয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026