দায়িত্ব নিয়েই কঠোর বার্তা, দুর্গাপুরে বাল্যবিবাহ বন্ধ করলেন ইউএনও
মোঃ জাকির হোসেন, স্টাফ রিপোর্টার, রাজশাহী :
রাজশাহীর দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে যোগদানের পরপরই বাল্যবিবাহ বন্ধে তাৎক্ষণিক পদক্ষেপ নিয়ে কঠোর অবস্থানের বার্তা দিলেন উম্মে হাবিবা ফারজানা। তাঁর নির্দেশে পুলিশ ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তরের অভিযানে ১৫ বছর বয়সী এক কিশোরীর বাল্যবিবাহ বন্ধ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুর্গাপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বহরমপুর গ্রামে সিদ্দিক আলী তাঁর ১৫ বছর বয়সী মেয়ে শাবানা খাতুনের বিয়ের আয়োজন করেন। পাত্র ছিলেন চারঘাট উপজেলার বাসিন্দা মকসেদের ছেলে নিরব (২০)। বিষয়টি উপজেলা প্রশাসনের নজরে আসার পরই ইউএনও উম্মে হাবিবা ফারজানা থানা পুলিশ ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে দ্রুত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
পরে মহিলা বিষয়ক কর্মকর্তা ও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে বিয়ের আয়োজন বন্ধ করে দেয়। একই সঙ্গে উভয় পক্ষের কাছ থেকে লিখিত মুচলেকা নিয়ে বাল্যবিবাহের আয়োজন বাতিল করা হয়।
কিশোরীর বাবা সিদ্দিক আলী নিজের ভুল স্বীকার করে বলেন, আমি ভুল করেছি। বাল্যবিবাহের ক্ষতিকর দিক সম্পর্কে এখন বুঝতে পেরেছি। আমার মতো ভুল যেন আর কোনো অভিভাবক না করেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে হাবিবা ফারজানা বলেন, বাল্যবিবাহ একটি দণ্ডনীয় অপরাধ এবং শিশুর মৌলিক অধিকারের পরিপন্থী। আইন প্রয়োগের পাশাপাশি প্রশাসন, গণমাধ্যম ও সচেতন নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায়ই বাল্যবিবাহ প্রতিরোধ সম্ভব।
সহকারী কমিশনার (ভূমি) লায়লা নূর তানজু বলেন, বাল্যবিবাহ শিশুদের শিক্ষা, স্বাস্থ্য ও স্বাভাবিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। বিশেষ করে কিশোরীরা এ ধরনের বিয়ের কারণে বেশি ক্ষতিগ্রস্ত হয়। তাই বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭-এর যথাযথ প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানো জরুরি।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা খাতুনের বক্তব্য জানার জন্য মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।
স্থানীয় সচেতন মহলের মতে, নতুন ইউএনও দায়িত্ব গ্রহণের পর থেকেই আইন-শৃঙ্খলা ও জনস্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে সক্রিয় ভূমিকা রাখছেন। তাঁর এমন উদ্যোগে উপজেলায় আইনের শাসন আরও সুদৃঢ় হবে বলে তাদের প্রত্যাশা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026