সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের দুই সদস্য গ্রেপ্তার, সন্ত্রাসবিরোধী আইনে মামলা
মোহাম্মদ আবু সালেহ স্টাফ রিপোর্টার নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে নিষিদ্ধ ঘোষিত একটি সংগঠনের কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বিরুদ্ধে বর্তমান সরকারকে উৎখাত ও দেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যে গোপন বৈঠকে অংশ নেওয়ার অভিযোগ আনা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন সিদ্ধিরগঞ্জের ৩ নম্বর ওয়ার্ডের মাদানীনগর এলাকার আসাব উদ্দিনের ছেলে মাসুদ মিয়া (২৮) এবং নূরবাগ এলাকার মাসুমের ছেলে রাহুল (২৫)। পুলিশ জানিয়েছে, রাহুল স্থানীয় ৩ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সম্পাদক হিসেবে পরিচিত।
পুলিশের তথ্য অনুযায়ী, গত ২২ জুলাই সকালে সিদ্ধিরগঞ্জের মাদানীনগর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে আল-আমিন গার্মেন্টসের বিপরীতে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের কয়েকজন সদস্য গোপন বৈঠকে মিলিত হন। তাদের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম পুনরায় সক্রিয় করা, জনমনে আতঙ্ক সৃষ্টি এবং রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের পরিকল্পনার অভিযোগ রয়েছে। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানার এসআই (নিঃ) মাসুম বিল্লাহ বাদী হয়ে ১৮ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৩০ থেকে ৪০ জনকে আসামি করে সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধিত ২০১৩)-এর সংশ্লিষ্ট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।
মামলার পর নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সীর নির্দেশনায় এবং সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ এমদাদুল হকের তত্ত্বাবধানে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বৃহস্পতিবার সকালে মাদানীনগর এলাকা থেকে মাসুদ মিয়াকে এবং রাতে বাগমারা এলাকা থেকে রাহুলকে গ্রেপ্তার করা হয়।
সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। একই সঙ্গে মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026