জন্ম- মৃত্যু নিবন্ধন কার্যক্রমে দেশ সেরা গলাচিপার ইউএনও ইজাজুল হক
মোঃ আল-আমিন মৃধা
( স্টাফ রিপোর্টার)
গলাচিপা , পটুয়াখালী
জন্ম ও মৃত্যু নিবন্ধন কার্যক্রমে জুলাই মাসে দেশসেরা হয়েছেন গলাচিপা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক। নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে ২১১.৫ শতাংশ কাজ করে দেশের শীর্ষে রয়েছে তার উপজেলা। শূন্য থেকে এক বছর বয়সী শিশুদের ওপর এ কার্যক্রম পরিচালনা করা হয়।
মঙ্গলবার (১১ আগস্ট) রেজিস্ট্রার জেনারেলের কার্যালয় (জন্ম ও মৃত্যু নিবন্ধন) এবং বিভাগীয় কমিশনার কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।
জুলাই মাসে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার জন্ম নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ৪২৮টি। তবে এ লক্ষ্যমাত্রা ছাড়িয়ে অর্জন হয় ৬৩৭টি। মৃত্যু নিবন্ধনের লক্ষ্যমাত্রা ছিল ১১৬টি, অর্জিত হয়েছিল ৩১৮টি। শতাংশের হিসাবে অর্জন ২৭৪ শতাংশ। জন্ম ও মৃত্যু নিবন্ধন গড়ে ২১১.৫ শতাংশ; যেটা ছিল সারা দেশের মধ্যে শীর্ষ স্থানে।
গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুজর মো. ইজাজুল হক দৈনিক দেশ প্রতিদিনকে বলেন, ‘দেশসেরা হওয়ায় আমি আনন্দিত। সত্যি বলতে, জন্ম-মৃত্যু নিবন্ধনের সঙ্গে জড়িত প্রত্যেকে যার যার জায়গা থেকে পরিশ্রম করেছেন। আমি টিম লিডার হিসেবে নিয়মিত তদারকি করেছি। সকলকে একই সুতোয় গাঁথা সম্ভব হয়েছে বলেই আজকের এ সাফল্য।’
পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী বলেন, ‘এ ক্রেডিট পুরো জেলা প্রশাসন ও স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর। তাদের সম্মিলিত প্রচেষ্টার ফসল এটি। একেবারে, রুট লেভেলের গ্রাম পুলিশ থেকে শুরু করে ডিডিএলজি সকলেই আন্তরিকভাবে চেষ্টা করেছেন। আমি সত্যিই আনন্দিত। একজন পেশাদার আমলা হিসেবে এভাবেই যেন সরকারের দেয়া সকল দায়িত্ব ভবিষ্যতেও পালন করতে পারি, সকলের নিকট সে বিষয়ে দোয়ার প্রত্যাশী।’
বরিশাল বিভাগের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) ও পরিচালক, স্থানীয় সরকার (অতিরিক্ত দায়িত্ব) মো. আহসান হাবিব দৈনিক দেশ প্রতিদিনকে বলেন, ‘জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে সারা দেশের মধ্যে বরিশাল বিভাগ, পটুয়াখালী জেলা ও গলাচিপা উপজেলা প্রথম হওয়া সত্যি সুখের খবর। জন্ম-মৃত্যু নিবন্ধনে এ অঞ্চলের মানুষের আগ্রহ কম। সেই জায়গা থেকে ডিসি, ইউএনও ও জনপ্রতিনিধিদের পারস্পরিক সহযোগিতায় আমরা এ কার্যক্রম এগিয়ে নিয়ে যাচ্ছি।’
জন্ম-মৃত্যু নিবন্ধন কার্যক্রমে শতভাগ সফলতা আনতে প্রতি মিটিংয়েই জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তাদের এ বিষয়ে পরামর্শ দেয়া হয় বলেও জানান মো. আহসান হাবীব।
উল্লেখ্য, গত ২ মাসে জন্ম-মৃত্যু নিবন্ধনে গলাচিপা উপজেলার উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক বরিশাল বিভাগের সেরা ইউএনও হয়েছিলেন। জন্ম-মৃত্যু নিবন্ধনে কার্যক্রমে ২০২৪-২০২৫ অর্থবছরে দুমকী উপজেলা বর্ষসেরা উপজেলার কৃতিত্ব অর্জন করেছিল আর বর্ষসেরা ইউএনও হয়েছিলেন দুমকী উপজেলার তৎকালীন ইউএনও আবুজর মো. ইজাজুল হক।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026