কুলাউড়ারয় প্রায় ৮ কোটি টাকার প্রকল্প, কাজ শেষ হওয়ার আগেই নদীগর্ভে বিলীন হওয়ার শঙ্কায় শতবর্ষী কাউকাপন বাজা
কুলাউড়া প্রতিনিধি : আব্দুল ওয়াদুদ
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার শতবর্ষী কাউকাপন বাজার রক্ষায় পানি উন্নয়ন বোর্ডের প্রায় আট কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও ছয় বছরেও শেষ হয়নি কাজ। ফলে প্রকল্প আলোর মুখ দেখার আগেই মনু নদীর ভাঙনে বাজারটি বিলীন হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
স্থানীয়দের অভিযোগ, ২০১৮ সালের ১৫ জুনের ভয়াবহ বন্যায় কাউকাপন বাজারের প্রায় ৫০ ফুট এলাকা নদীগর্ভে বিলীন হয়ে যায়। এতে ৩৬টি দোকান হারিয়ে যায়। এছাড়া তিনটি মার্কেটের ১৭টি দোকান ক্ষতিগ্রস্ত হয়। একই সময় বাজারের মাঝ দিয়ে যাওয়া কটারকোনা-কাউকাপন-তারাপাশা সড়কের একটি অংশও ভাঙনের কবলে পড়ে।
বাজার রক্ষায় ২০২০ সালে পানি উন্নয়ন বোর্ড ৪৫০ মিটার এলাকায় কাজের জন্য ৭ কোটি ৮৫ লাখ টাকার প্রকল্প গ্রহণ করে। প্রকল্প বাস্তবায়নের দায়িত্ব পায় আরাধনা এন্টারপ্রাইজ ও মুন ইন্টারন্যাশনাল নামের দুটি ঠিকাদারি প্রতিষ্ঠান। তবে প্রকল্প গ্রহণের পর তিন বছরে মাত্র ৪৩ শতাংশ ডাম্পিংয়ের কাজ করা হয়। এরপর দীর্ঘ সময় ধরে প্রকল্পের কাজ বন্ধ রয়েছে।
বৃহস্পতিবার দুপুরে সরেজমিনে কাউকাপন বাজারে গিয়ে দেখা যায়, সড়কের ভাঙনকবলিত স্থানটি দিয়ে ঝুঁকি নিয়ে যানবাহন ও স্থানীয় বাসিন্দারা চলাচল করছেন। স্থানীয় ব্যবসায়ীরা জানান, ভাঙনের স্থানটি স্থানীয় উদ্যোগে কয়েক দফা মেরামত করা হলেও স্থায়ী সমাধান হয়নি। সম্প্রতি ভাঙনের স্থানে মাটি আরও পাঁচ থেকে ছয় ফুট দেবে গেছে।
কাউকাপন বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি বিধান চন্দ্র দে বলেন, একসময় বাজারটিতে শতাধিক দোকানপাট ছিল। বর্তমানে রয়েছে প্রায় ৬৫টি। ২০১৮ সালের বন্যার পর থেকেই বাজারের মাঝখানে ভাঙন দেখা দিয়েছে। দ্রুত ব্যবস্থা না নিলে পুরো বাজারই নদীগর্ভে চলে যাওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, কাউকাপন গ্রামের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই সড়ক দিয়ে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। সড়কটি দ্রুত সংস্কার ও বাজার রক্ষায় কার্যকর ব্যবস্থা নেওয়া জরুরি।
পানি উন্নয়ন বোর্ডের উপসহকারী প্রকৌশলী মো. আল-আমিন বলেন, ২০২০ সালে কাউকাপন বাজারসহ ওই এলাকায় ৪৫০ মিটার কাজের জন্য টেন্ডার হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান তিন বছর প্রকল্প এলাকায় মাটির নিচে ৪৩ শতাংশ কাজ করেছে।
কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার বলেন, ক্ষতিগ্রস্ত কাউকাপন বাজার এলাকা সরেজমিনে পরিদর্শন করে কাজ শুরু করার বিষয়ে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলীর সঙ্গে আলোচনা করা হবে।
মৌলভীবাজার পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. খালেদ বিন অলীদ বলেন, সম্প্রতি কাউকাপন বাজারের ক্ষতিগ্রস্ত স্থানটি পরিদর্শন করা হয়েছে। বাজার রক্ষায় এর আগে প্রকল্প গ্রহণ করা হয়েছিল। তবে প্রায় তিন বছর আগে স্থানীয়রা কাজের প্রয়োজনীয়তা নেই উল্লেখ করে লিখিত আবেদন করার পর থেকে কাজ বন্ধ রয়েছে।
তিনি বলেন, বর্তমানে জমি অধিগ্রহণের সুযোগ নেই। বাজারের জমির প্রকৃত মালিকরা অধিগ্রহণ ছাড়া কাজ করতে দেবেন—এ মর্মে লিখিত আবেদন করলে পুনরায় কাজ শুরুর উদ্যোগ নেওয়া হবে। অতীতে স্থানীয়দের সহযোগিতায় কাজটি শেষ করা গেলে বর্তমান পরিস্থিতির সৃষ্টি হতো না বলেও জানান তিনি।
স্থানীয়দের আশঙ্কা, দ্রুত স্থায়ী প্রতিরোধ ব্যবস্থা না নিলে মনু নদীর ভাঙনে শুধু কাউকাপন বাজার নয়, নদীতীরবর্তী বসতভিটাও ক্ষতিগ্রস্ত হতে পারে। তাই দীর্ঘদিন ধরে বন্ধ থাকা প্রকল্পের কাজ দ্রুত শুরু করে বাজার ও সড়ক রক্ষার দাবি জানিয়েছেন ব্যবসায়ী ও এলাকাবাসী।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026