গলাচিপায় দঃক্ষিন পূর্ব গোলখালী পথের অভাবে শিক্ষার্থীদের স্কুলযাত্রা অনিশ্চিত: ৬০০ ছাত্র-ছাত্রীর চরম দুর্ভোগ
মোঃ আল-আমিন মৃধা
( স্টাফ রিপোর্টার)
গলাচিপা (পটুয়াখালী):
পটুয়াখালীর গলাচিপা উপজেলার গোলখালী ইউনিয়নের দক্ষিণ-পূর্ব গোলখালী গ্রামে যাতায়াতের সুব্যবস্থা না থাকায় চরম দুর্ভোগের শিকার হচ্ছে দুই বিদ্যালয়ের প্রায় ৬০০ শিক্ষার্থী। বছরের পর বছর ধরে এই সমস্যা বিরাজ করলেও সমাধানে কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হচ্ছে না বলে অভিযোগ স্থানীয়দের।
সরেজমিনে দেখা গেছে, ২ নং গোলখালী ইউনিয়ন পরিষদের ৪ নং ওয়ার্ডে সাবেদ হোসেন তালুকদার ও জব্বার মৃধা বাড়ি সংলগ্ন এলাকায় দক্ষিণ-পূর্ব গোলখালী সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দক্ষিণ-পূর্ব গোলখালী মাধ্যমিক বিদ্যালয় পাশাপাশি অবস্থিত। আশেপাশের চারটি গ্রাম—উত্তর-পূর্ব গোলখালী, পূর্ব গোলখালী, দক্ষিণ-পূর্ব গোলখালী এবং একটি অংশ—থেকে শিক্ষার্থীরা এই দুই প্রতিষ্ঠানে পড়াশোনা করতে আসে।
কিন্তু বিদ্যালয়ে পৌঁছানোর একমাত্র সড়কটি দীর্ঘ কয়েক যুগ ধরে নাজুক অবস্থায় রয়েছে। প্রায় দেড় কিলোমিটার দীর্ঘ এই কাঁচা রাস্তাটি বর্ষা মৌসুমে পানির নিচে তলিয়ে যায়। হাঁটুসমান কাদা, বড় বড় গর্ত আর জমে থাকা পানির কারণে পায়ে হেঁটে বা কোনো যানবাহনে চলাচল সম্পূর্ণ অসম্ভব হয়ে পড়ে।
এই অবস্থায় বর্ষা এলেই শিক্ষার্থীদের স্কুলে যাতায়াত এক দুঃস্বপ্নে পরিণত হয়। কোমলমতি ছাত্র-ছাত্রীরা জীবনের ঝুঁকি নিয়ে ছোট ডিঙি নৌকায় করে বিদ্যালয়ে আসা-যাওয়া করতে বাধ্য হচ্ছে। স্থানীয় অভিভাবকদের উদ্যোগে প্রতি বছর একটি নৌকার ব্যবস্থা করা হয় এবং প্রত্যেক শিক্ষার্থীকে যাতায়াতের জন্য ২০ টাকা করে ভাড়া দিতে হয়। অনেক দরিদ্র পরিবারের পক্ষে এই বাড়তি খরচ বহন করা কষ্টসাধ্য হয়ে পড়েছে। নৌকার মাঝি অসুস্থ থাকলে বা ভাড়া দেওয়ার টাকা না থাকলে অনেক শিক্ষার্থী ঐ দিন স্কুলে যেতে পারে না।
বিদ্যালয়ের সুভাকাঙ্খী ও সমাজসেবক, শিক্ষক মো. আল- আমিন মৃধা বলেন, “শিক্ষার্থীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন। বর্ষা এলেই নৌকায় জীবনের ঝুঁকি নিয়ে স্কুলে যাওয়া যেন তাদের নিয়তি না হয়। আমরা বারবার কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছি।
দক্ষিণ-পূর্ব গোলখালী মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী আরিয়ান হোসেন, ইব্রাহিম, জসিম উদ্দিন ও আদিন হোসেন জানান, “বর্ষার সময় নৌকায় স্কুলে যেতে অনেক কষ্ট হয়। নৌকাটি খুব ছোট এবং প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে আমাদের যাতায়াত করতে হয়। আমরা দ্রুত একটি ভালো রাস্তা নির্মাণের দাবি জানাই।” পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সুমনা আক্তারও একই ধরনের দুর্ভোগের কথা তুলে ধরে রাস্তা দ্রুত মেরামতের জন্য প্রশাসনের কাছে আহ্বান জানায়।
প্রধান শিক্ষক আব্দুল জলিল মিয়া জানান, “যোগাযোগ ব্যবস্থা এতই খারাপ যে, অনেক শিক্ষার্থী বর্ষার সময় স্কুলে আসাই বন্ধ করে দেয়, যা তাদের পড়াশোনার ওপর মারাত্মক প্রভাব ফেলছে।”
এ বিষয়ে গলাচিপা উপজেলা প্রকৌশলী মো. জাহাঙ্গীর হোসেন বলেন, সমস্যাটি সম্পর্কে অবহিত হওয়ার পর দ্রুত পরিদর্শন করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করব।”
স্থানীয় বাসিন্দা এবং ভুক্তভোগী শিক্ষার্থীরা দ্রুত এই সড়কটি মেরামতের জন্য স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
পাঁচবিবি উপজেলার আওলাই ইউনিয়নে বিএনপির নির্বাচনী প্রচার-প্রচারণার শুভ উদ্বোধন
22 Aug 2026
লালমনিরহাট সদর হাসপাতালে চুরি ছিনতাই কারী সিন্ডিকেট এর হাতে জনগণ জিম্মি
22 Aug 2026
কাজিপুরে যমুনা পার হয়ে বীর মুক্তিযোদ্ধাকে শ্রদ্ধা নিবেদন
22 Aug 2026
লালমনিরহাটে বখাটেদের আঘাতে আহত- অনলাইন জুয়ার বিরুদ্ধে প্রতিবাদী সেই শিক্ষক আরিফুল ইসলামের চির বিদায়
22 Aug 2026
রামুতে আইকন পরিবহনের এসি বাসে অগ্নিকাণ্ড, জানালা ভেঙে ৩০ যাত্রী উদ্ধার
22 Aug 2026