ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে প্রস্তুত ৪২ বিজিবি
ঠাকুরগাঁও প্রতিনিধি মেহেদী হাসান ফরহাদ:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে দায়িত্ব পালনের জন্য সর্বাত্মক প্রস্তুতি সম্পন্ন করেছে। আগামী ১২ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠেয় এই নির্বাচনে আইনশৃঙ্খলা রক্ষা এবং বেসামরিক প্রশাসনকে সহায়তা দিতে দিনাজপুর জেলার চারটি সংসদীয় আসনে বিজিবি মোতায়েন থাকবে।
দিনাজপুর ব্যাটালিয়ন সূত্র জানায়, দিনাজপুর-১ (বীরগঞ্জ ও কাহারোল), দিনাজপুর-২ (বিরল ও বোচাগঞ্জ), দিনাজপুর-৩ (দিনাজপুর সদর) এবং দিনাজপুর-৪ (খানসামা ও চিরিরবন্দর) আসনের বিভিন্ন এলাকায় বিজিবি মোবাইল ও স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে।
নির্বাচনকে ঘিরে আগাম প্রস্তুতির অংশ হিসেবে গত বছরের ৩১ আগস্ট থেকে ২০ নভেম্বর পর্যন্ত ছয় ধাপে নির্বাচন প্রস্তুতিমূলক প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি ৩০ নভেম্বর থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত দুই ধাপে সতেজকরণ প্রশিক্ষণ সম্পন্ন করা হয়েছে। বর্তমানে ২৮ ডিসেম্বর ২০২৫ থেকে ২০ জানুয়ারি ২০২৬ পর্যন্ত পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলন (STX) চলমান রয়েছে। এর আগে গত ১২ নভেম্বর একটি রায়োট কন্ট্রোল মহড়াও অনুষ্ঠিত হয়।
এছাড়া জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসারের কার্যালয় থেকে হালনাগাদ ভোটার তালিকা, প্রার্থীদের তথ্য এবং ঝুঁকিপূর্ণ ও সাধারণ ভোটকেন্দ্রের তালিকা সংগ্রহ করা হয়েছে। জেলার চারটি আসনের মোট ৫০৪টি ভোটকেন্দ্র রেকি সম্পন্ন হয়েছে। নির্বাচনী এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে সাতটি বেস ক্যাম্প স্থাপনের স্থানও নির্ধারণ করা হয়েছে।
দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে বর্ডার গার্ড বাংলাদেশ সম্পূর্ণ প্রস্তুত। ভোটাররা যেন নিরাপদ পরিবেশে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে জন্য সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করা হবে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান- শনিবার|| ২০২৬|
22 Aug 2026
বটিয়াঘাটার পুরোনো ফেরিঘাটে মিললো অজ্ঞাত নারীর লাশ
21 Aug 2026
চরফ্যাশনে জাতীয় মৎস্য পক্ষ উদযাপন: আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
16 Aug 2026
রামুতে সবুজায়নের অভিযাত্রা: ১৫ শিক্ষাপ্রতিষ্ঠানে মৈত্রী-০২-এর ১০ হাজার চারা বিতরণ
13 Aug 2026
কুলাউড়া সীমান্তের ওপারে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
10 Aug 2026