নিখোঁজের ২১ ঘণ্টা পর বাড়ির পাশেই মিলল শিশু হুমায়রার মরদেহ: পরিকল্পিত হত্যার দাবি
মোঃ জাকির হোসেন, স্টাফ রিপোর্টার:
রাজশাহীর দুর্গাপুরে নিখোঁজের দীর্ঘ ২১ ঘণ্টা পর ৪ বছর বয়সী শিশু হুমায়রা জান্নাতের মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার দুপুরে বাড়ির মাত্র ২০ হাত দূরে একটি খেজুর গাছের নিচে তার নিথর দেহ পড়ে থাকতে দেখেন স্বজনরা। তবে পরিবারের দাবি শিশুটিকে পরিকল্পিতভাবে বিষ খাইয়ে ও নির্যাতন করে হত্যা করা হয়েছে। নিহত হুমায়রা জান্নাত উপজেলার হাটকানপাড়া বাজার এলাকার ফার্মেসি ব্যবসায়ী হাসিবুল হোসেন শান্তর মেয়ে।
পারিবারিক সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেল আনুমানিক ৫টার দিকে বাড়ির পাশে সমবয়সীদের সাথে খেলার সময় হঠাৎ নিখোঁজ হয় হুমায়রা। এরপর রাতভর পুলিশ, ফায়ার সার্ভিস ও স্থানীয় উৎসুক জনতা চারপাশের জঙ্গল, পুকুর ও সম্ভাব্য সব জায়গায় তল্লাশি চালালেও তার কোনো হদিস মেলেনি।
মেয়ের শোকে কাতর বাবা আজ শনিবার সকাল ৮টায় নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি থেকে ঘোষণা দিয়েছিলেন হুমায়রাকে ফিরিয়ে দিলে বা সন্ধান দিতে পারলে ১ লাখ টাকা পুরস্কৃত করা হবে। কিন্তু সেই আকুতির কয়েক ঘণ্টার মাথায় দুপুর ২টার দিকে বাড়ির একদম কাছেই মেলে মেয়ের মরদেহ।
হুমায়রার বাবা হাসিবুল হোসেন শান্ত কান্নায় ভেঙে পড়ে বলেন, আমার মেয়েকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। খেজুর গাছের নিচ থেকে যখন ওকে কোলে তুলে নিই, তখন পুরো শরীর রক্ত জমাট বাঁধার মতো কালো হয়ে ছিল। ওর মুখ থেকে বিষের তীব্র গন্ধ বের হচ্ছিল এবং শরীরে আঘাতের চিহ্ন ছিল। আমি আমার নিষ্পাপ সন্তান হত্যার বিচার চাই।
জানতে চাইলে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের মুখপাত্র ডা. শংকর কুমার বিশ্বাস জানান, প্রাথমিকভাবে শিশুটির শরীরে বড় কোনো জখম দেখা যায়নি। তবে তার পেট বেশ ফোলা ছিল এবং বাম হাতের কিছু অংশে ছোট ছোট আঘাতের চিহ্ন পাওয়া গেছে। মৃত্যুটি অস্বাভাবিক মনে হওয়ায় লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট এলেই মৃত্যুর আসল কারণ স্পষ্ট হবে।
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পঞ্চনন্দ সরকার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, “নিখোঁজের একদিন পর শিশুটির মরদেহ বাড়ির পাশে কে বা কারা ফেলে রেখে যায়। মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়। শুক্রবার বিকেল থেকেই তাকে উদ্ধারের সব চেষ্টা চালানো হয়েছিল। এই মৃত্যুর রহস্য উদঘাটনে পুলিশ ইতিমধ্যেই জোর তদন্ত শুরু করেছে।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
09 Aug 2026