শিশু হত্যা-ধর্ষণ ও সাংবাদিকদের নামে মিথ্যা মামলা- রাজশাহীতে ফুঁসে উঠেছে গণমাধ্যমকর্মী ও জনতা এক সপ্তাহের আলটিমেটাম
মোঃ জাকির হোসেন,স্টাফ রিপোর্টার:
সারাদেশে আশঙ্কাজনক হারে বেড়ে যাওয়া শিশু ধর্ষণ- হত্যাকাণ্ড এবং সাংবাদিকদের কণ্ঠরোধে দায়ের করা হয়রানিমূলক মিথ্যা মামলার প্রতিবাদে উত্তাল হয়ে উঠেছে রাজশাহী। এসব ঘটনার দ্রুত বিচার ও মামলা প্রত্যাহারের দাবিতে আজ শনিবার (২৩ মে, ২০২৬) সকাল ১১টায় রাজশাহী মহানগরীর জিরোপয়েন্টে রাজশাহী প্রেসক্লাবের উদ্যোগে এক বিশাল মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
মানববন্ধনে বক্তারা স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, আগামী এক সপ্তাহের মধ্যে সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে, ঈদুল আজহার পরপরই আরও কঠোর ও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে।
রাজশাহী প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও ভাষা সৈনিক পুত্র সাইদুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তারা দেশের বর্তমান সাংবাদিকতার বৈরী পরিবেশ নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেন।
সাধারণ সম্পাদক গোলাম মোস্তাফা মামুন সম্পাদক পরিষদের বরাত দিয়ে দেশের গণমাধ্যমের ওপর চলমান নির্যাতনের একটি ভয়াবহ পরিসংখ্যান তুলে ধরেন। তিনি জানান:
বর্তমানে দেশের বিভিন্ন স্থানে অন্তত ২৮২ জন সাংবাদিককে বিভিন্ন মামলায় আসামি করা হয়েছে, যার মধ্যে ৯৪ জনই রাজনৈতিক ও হত্যা মামলার আসামি। গত ১৫ বছরে দেশে ৬১ জন সাংবাদিক নিহত হয়েছেন এবং বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছেন ৩ হাজার ৫৮৮ জন গণমাধ্যমকর্মী।
তিনি আরও উল্লেখ করেন, গণতন্ত্রহীনতা, ভিন্নমত দমন, ক্ষমতা পাকাপোক্ত করার অপচেষ্টা এবং কতিপয় সুবিধাবাদী ব্যক্তির ‘চামচামি সংস্কৃতি’র কারণেই আজ প্রকৃত সাংবাদিকরা মাঠপর্যায়ে স্বাধীনভাবে কাজ করতে পারছেন না।
মানববন্ধন থেকে রাজশাহী প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক মোঃ নুরে ইসলাম মিলন, পাঠাগার সম্পাদক মোঃ সুরুজ আলী, ফটো সাংবাদিক মিশাল মন্ডল এবং রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সম্পাদক সাঈদ আলী ও ইব্রাহিমের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় দায়ের করা কথিত অস্ত্র ও চাঁদাবাজির মামলার তীব্র নিন্দা জানানো হয়।
বক্তারা সংশ্লিষ্ট পুলিশ প্রশাসনকে উদ্দেশ্য করে বলেন, কোনো সুনির্দিষ্ট তথ্য-প্রমাণ ছাড়া একজন পেশাদার সাংবাদিকের বিরুদ্ধে অস্ত্র বা চাঁদাবাজির মতো গুরুতর মামলা রেকর্ড করা অত্যন্ত নিন্দনীয়। পুলিশকে অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ ভূমিকা পালন করে এই মিথ্যা মামলা এক সপ্তাহের মধ্যে প্রত্যাহার করতে হবে, অন্যথায় পুলিশি নিষ্ক্রিয়তার বিরুদ্ধেও আইনি ও সামাজিক আন্দোলন শুরু হবে।
“মিথ্যা মামলা ও ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের কলম স্তব্ধ করা যাবে না। সাংবাদিক সমাজ অতীতেও অন্যায়ের বিরুদ্ধে ছিল, ভবিষ্যতেও থাকবে।” — রাজশাহী প্রেসক্লাব নেতৃবৃন্দ।
বক্তারা কেবল সাংবাদিক নির্যাতনই নয়, মানবিক মূল্যবোধের অবক্ষয় নিয়ে সরব হন। সম্প্রতি শিশু রামিসাসহ সারাদেশে ঘটে যাওয়া নির্মম শিশু ধর্ষণ ও হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর প্রতি সমবেদনা জানিয়ে দ্রুত বিচার ট্রাইব্যুনালে এই অপরাধীদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন, শিশুদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক দায়িত্ব। অপরাধীরা যাতে আইনের কোনো ফাঁকফোকর দিয়ে পার না পেয়ে যায়, সে বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হতে হবে।
এই প্রতিবাদী কর্মসূচিতে রাজশাহীর মূলধারার গণমাধ্যমকর্মী ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন একাত্মতা বা সংহতি প্রকাশ করে।
রাজশাহী এডিটর ফোরামের সভাপতি লিয়াকত হোসেন, বীর মুক্তিযোদ্ধা বরজাহান আলী, রাজশাহীর আলো পত্রিকার প্রকাশক ও সম্পাদক আজিবার রহমান, রাজশাহী প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শাহরিয়ার অন্তু, দপ্তর সম্পাদক মোঃ মোজাম্মেল হোসেন বাবু, এটিএন বাংলার রাজশাহী প্রতিনিধি সুজাউদ্দিন ছোটন এবং মোহনপুর প্রেসক্লাব এর সভাপতি রুবেল সরকার।
এছাড়াও বক্তব্য ও সংহতি জানান জননেতা আতাউর রহমান স্মৃতি পরিষদের সহ-সভাপতি সালাউদ্দিন মিন্টু, আতাউর রহমান ট্রাস্টের সাধারণ সম্পাদক মাসুদ রানা সরকার এবং রাজশাহী টেলিভিশন সাংবাদিক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোস্তাফিজ রকি।
কর্মসূচিতে মাঠপর্যায়ে সংহতি জানিয়ে উপস্থিত ছিলেন শ্রমিকদলের সাবেক সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীন, রাজশাহী জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক অরণ্য কুশুম, স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আসাদুজ্জামান জনি, রাজশাহী মহানগর জাসাসের সদস্য সচিব সেলিম রেজা, যুগ্ম আহ্বায়ক সাঈদ হাসান এবং দপ্তর সম্পাদক সৈকত পারভেজ।
এছাড়াও মোহনপুর ঐক্য প্রেসক্লাবের সভাপতি রাজিব খাঁন, জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক মোঃ ফয়সাল আজম অপু, সাংগঠনিক সম্পাদক মোঃ মিমুল ইসলাম পাভেলসহ বাঘা, মোহনপুর ও বিভিন্ন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দ এবং সাধারণ জনগণ এই মানববন্ধনে অংশ নেন।
১. শিশু রামিসাসহ সকল শিশু ধর্ষণ ও হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইব্যুনালের মাধ্যমে দৃষ্টান্তমূলক শাস্তি।
২. সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা সকল বানোয়াট, রাজনৈতিক ও হয়রানিমূলক মামলা ১ সপ্তাহের মধ্যে প্রত্যাহার।
৩. অপসাংবাদিকতা রোধ করে মাঠপর্যায়ে স্বাধীন ও নিরাপদ সাংবাদিকতার পরিবেশ নিশ্চিত করা।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
দুর্গাপুরে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিএনপির সহযোগী সংগঠনগুলোর বিক্ষোভ
17 Aug 2026
প্রশাসক মাহফুজুর রহমান রিটন মহোদয়ের উদ্যোগে রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীর
17 Aug 2026
মৎস্য উদ্যোক্তা গোলাম সাকলায়েন, পেলেন শ্রেষ্ঠ খামারির পুরস্কার
16 Aug 2026
দুর্গাপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল
15 Aug 2026
জনগণের আমানত রক্ষায় আপসহীন সৈনিক জয়নগরের চেয়ারম্যান পদপ্রার্থী – আলামিন হক বিজয় “””
09 Aug 2026