দাস হতে পারিনি বলেই অনেকের মতো আমিও আওয়ামী লীগ বেরিয়ে এসেছি”-বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম। মোহাম্মদ আসাদুজ্জামান
০১ আগষ্ট ২০২৬, শনিবার,ঢাকা।
কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম বলেছেন, “বঙ্গবন্ধুর কর্মী ছিলাম।দাস হতে পারিনি বলেই অনেকের মতো আমিও আওয়ামী লীগ করতে পারিনি।বঙ্গবন্ধু বড়ই অসময়ে মারা গেলেন। তাঁর মরাই উচিত ছিল, তাঁর মরা ছাড়া কোনো পথ ছিলো না। যিনি আমেরিকাকে হারাতে পারেন, পরাশক্তিকে হারাতে পারেন তাঁকে তো মরতেই হবে।তাই, বঙ্গবন্ধুর মরার মধ্যে কোনো দোষ নাই”। গতকাল ৩১ জুলাই,শুক্রবার, বিকাল চারটায় জাতীয় প্রেসক্লাবের তোফাজ্জল হোসেন মানিক মিয়া হলে গণতন্ত্রী পার্টির প্রেসিডিয়াম সদস্য ও সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খন্দকার নূরুর রহমান সেলিমের স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণতন্ত্রী পার্টির সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডাঃ মোঃ শহীদুল্লাহ সিকদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলনের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মৃতিচারণ সভায় প্রধান আলোচক ছিলেন বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন। স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন গণফোরামের সাধারণ সম্পাদক এডভোকেট মিজানুর রহমান, সিপিবির সভাপতি সাজ্জাদ জহির চন্দন,ন্যাপ সভাপতি এডভোকেট এনামুল হক এনাম প্রমুখ।
প্রধান অতিথি বঙ্গবীর কাদের সিদ্দিকী বলেন,এই উপমহাদেশে ব্রিটিশ বিরোধী আন্দোলনে একমাত্র মহাত্মা গান্ধীই পন্ডিত নেহরু, মাওলানা আজাদ ও বঙ্গবন্ধুর মতো যোগ্য কর্মী বা উত্তরসূরী পেয়েছিলেন। তিনি বলেন, আমার রাজনৈতিক পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানও তোফায়েল আহমেদ,কে এম ওবায়দুর রহমান,আব্দুর রাজ্জাক ও শাহমোয়াজ্জেম হোসেনের মতো বেশকিছু যোগ্য কর্মী পেয়েছিলেন যাদের অনেককেই তিনি এবং তাঁর আওয়ামী লীগ ধরে রাখতে পারেননি।তাই, আওয়ামী লীগকে বারবার মূল্য দিতে হয়েছে।আজকে পপ তারকা জেমসের গানে যেমন লক্ষাধিক লোকের সমাগম হয়, তেমনি বঙ্গবন্ধুর সেই সকল কর্মীরা বক্তৃতা করলে তখন লক্ষ লোকের সমাবেশ হতো।
তিনি আরো বলেন,যৌবনে সবাই কমবেশি কবিতা লিখে ও প্রেমে পড়ে।আমি বজ্র কোনো রমণীর প্রেমে পড়িনি।প্রেমে পড়েছি জীবনে একবার এবং সেটা বঙ্গবন্ধুর নেতৃত্বের ও দেশপ্রেমের। সেই প্রেম ভুলিনি, আমৃত্যু ভুলবো না। বঙ্গবন্ধুকে হত্যার পর প্রতিরোধ যুদ্ধ করেছি। কিন্তু সেই আমিও দাস হতে পারিনি বলে আওয়ামী লীগে থাকতে পারিনি। তিনি স্মৃতিচারণ করে বলেন, মরহুম খন্দকার নূরুর রহমান সেলিম আমার কাদেরীয়া বাহিনীর হয়ে সম্মুখ সমরে যুদ্ধ করেছে। মুক্তিযুদ্ধের পর টাঙ্গাইলে আমার সাথে বঙ্গবন্ধুর পায়ের কাছে অস্ত্র জমা দিয়েছে, তাঁকে ভুলবো না।আমি তাঁর বিদেহী আত্মার শান্তি ও মাগফিরাত অবশ্যই কামনা করি।
প্রধানমন্ত্রী তারেক রহমান সম্পর্কে তিনি বলেন, বিগত পাঁচ মাসে আমি তাঁর বড়সড় কোনো ভুল ত্রুটি দেখিনি। প্রতিহিংসা বশতঃ তিনি আমার পিতৃতুল্য ভাই লতিফ সিদ্দিকীকে সাজা দিবেন-এ কথা আমি বিশ্বাস করি না। কিন্তু এই সময়ের মধ্যে বিএনপির বড় বড় নেতাদের ও তাদের কর্মীদের অনেক দোষ ত্রুটি দেখছি-এটা অস্বীকার করা যাবে না। তিনি বলেন,শেখ হাসিনার পতন অনিবার্য ছিল কিন্তু ডঃ মুহাম্মদ ইউনূস দুই বছরে দেশকে বিশ বছর পিছিয়ে দিয়েছেন। তিনি আক্ষেপ করে বলেন, ডঃ মুহাম্মদ ইউনূস কতো দলের সাথে বসলো, সংলাপ করলো অথচ কৃষক শ্রমিক জনতা লীগ দেশের ৪নং নিবন্ধিত দল সেই দলের নেতাদেরকে ডাকলো না।
প্রধান আলোচক বিশিষ্ট বুদ্ধিজীবী অধ্যাপক আনোয়ার হোসেন বলেন, কর্তৃত্ববাদী শাসনের কারণে শেখ হাসিনা সরকারের পতন হয়েছে। তিনি, তাঁর মন্ত্রীসভা ও পার্লামেন্টে মেম্বাররা পলায়ন করেছেন-এমন ঘটনা পৃথিবীতে বিরল।ছাত্র জনতা সফলভাবে গণ অভ্যুত্থান ঘটিয়েছে সত্য তবে সেটা বিপ্লব হয়নি। বিপ্লব আরো অনেক বড় ও ব্যপক বিষয়। চব্বিশকে আমরা তাই গণঅভ্যুত্থানই বলবো বিপ্লব নয়।
মন্তব্য (0)
সম্পর্কিত সংবাদ
বরিশালের গৌরনদী উপজেলায় প্রধানমন্ত্রী তারেক রহমান
13 Jul 2026
বিদেশি বীজের নির্ভরতা কমাতে নতুন পাটের বীজ উদ্ভাবনে গবেষণা চলছে—পাট প্রতিমন্ত্রী
12 Jul 2026
সবাই আগে বাংলাদেশ, বৃক্ষরোপনে ইতিহাস গড়লেন ঠাকুরগাঁওয়ে কর্মচারীগণ
11 Jul 2026
পাঁচবিবির জলাশয়ে দেশীয় মাছের মেলা: বংশবৃদ্ধির পথে বাধা ‘চায়না দুয়ারী জাল’
10 Jul 2026
মাহাবুর রশিদ সংগ্রামের বিরুদ্ধে ‘মিথ্যা তথ্য প্রচারের’ প্রতিবাদে পার্বতীপুরে সংবাদ সম্মেলন
09 Jul 2026